ষড়যন্ত্র ছিলো, এখনো আছে: শেখ হাসিনা

আওয়ামী লীগের বিরুদ্ধে সব সময়ই ষড়যন্ত্র ছিলো এবং তা এখনো রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনা।

জার্মানির মিউনিখে তিন দিনের সফরের বিষয়ে শুক্রবার গণভবনে সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। টানা চতুর্থবারের মত সরকার গঠনের পর এটা তার প্রথম সংবাদ সম্মেলন।

বাংলাদেশের পরিকল্পিতভাবে দুর্ভিক্ষ ঘটানোর বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যেটা বলছেন, মার্চে দুর্ভিক্ষ। হ্যাঁ ষড়যন্ত্র তো ছিলো, ষড়যন্ত্র তো আছে। আপনারা জানেন, আমি আসার পর থেকে বার বার আমাকে বাধা দেওয়া, ক্ষমতায় যেনো না যেতে পারি।

‘আপনি ৭৫ সালে জাতির পিতাকে হত্যার ঘটনাই ধরেন না কেন, রাসেলকেও তো ছাড়েনি! কেন? যেনো ওই রক্তের কেউ বাংলাদেশের ক্ষমতায় আসতে না পারে,’ বলেন তিনি।

সেদিনে ছোট বোন শেখ রেহানাসহ বিদেশে থাকার কারণে বেঁচে যাওয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ফিরে এসে দায়িত্ব নিয়েছি। আমার চেষ্টাই হচ্ছে, যে স্বপ্ন নিয়ে জাতির পিতা দেশ স্বাধীন করেছেন, সেটাকে পূরণ করা।

‘সেই ক্ষেত্রে ষড়যন্ত্র প্রত্যেকবারই হচ্ছে, বারবার… আজকে মানুষের ভোটের অধিকার, আমরাই আন্দোলনের মাধ্যমে সেটা প্রতিষ্ঠিত করেছি, গণতান্ত্রিক ধারা ফিরিয়ে এনেছি, তার শুভফল দেশবাসী পাচ্ছে,’ বলেন তিনি।