আগে ঘর থেকে দুর্নীতি তাড়ান, ডিসিদের দুদক চেয়ারম্যান

সবার আগে নিজের ঘর থেকে দুর্নীতি দূর করতে জেলা প্রশাসকদের আহ্বান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ।

সোমবার ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে দুদকের অধিবেশন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

দুদক চেয়ারম্যান বলেন, আমি তাদের বলেছি, যদি আপনার অফিস দুর্নীতিমুক্ত না হয়, নিজের অফিসকে দুর্নীতিমুক্ত করেন। জেলা-উপজেলা, ইউনিয়ন পর্যায়ে আপনার অধীনে যেসব অফিস আছে সেখানে দুর্নীতিমুক্ত করার চেষ্টা করেন। নিজের ঘর দুর্নীতিমুক্ত করেন, তারপর অন্যান্য দুর্নীতির খোঁজখবর রাখেন।

‘জেলা প্রশাসকদের বলেছি, আপনি নিজে দুর্নীতিমুক্ত কিনা, আপনার অফিস দুর্নীতিমুক্ত কিনা, আগে নিজের কাছে প্রশ্ন করেন,’ যোগ করেন তিনি।

ডিসিরা জেলায় ৩০-৩৫টা কমিটির প্রধান- এ তথ্য উল্লেখ করে মঈনউদ্দীন আবদুল্লাহ বলেন, তারা জেলার সব কার্যক্রম সম্পর্কে অবহিত থাকেন। এজন্য অনিয়ম-দুর্নীতির তথ্য তাদের কাছে আগে থাকে।

দুদক প্রধান বলেন, কোথাও দুর্নীতি অনিয়মের তথ্য আসলে তা ১৫ দিন অন্তর সংশ্লিষ্ট মন্ত্রণালয় অথবা দুর্নীতি দমন কমিশনে রিপোর্ট পাঠাতে জেলা প্রশাসকদের জানানো হয়েছে।

‘যেগুলো দুদককে পাঠানো দরকার ওইগুলো পাঠিয়ে দেবেন। কোনো কারণে যদি সরাসরি পাঠাতে সমস্যা হয়, তাহলে প্রতি ১৫ দিন পর পর একটা গোপন প্রতিবেদন মন্ত্রিপরিষদে পাঠান। সেখানে দিলে আমরাও জেনে যাবো,’ বলে তিনি।