তরুণ উদ্যোক্তারাই স্মার্ট বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের রূপকল্প এক যুগান্তকারী পদক্ষেপ। প্রশিক্ষিত তরুণ উদ্যোক্তারাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে।

রোববার নির্বাচনী এলাকা পীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের ডিজিটাল সংযোগ প্রকল্পের আওতায় ‘জয় স্মার্ট সার্ভিস অ্যান্ড এমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টার’ নির্মাণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 

অনুষ্ঠানে রংপুরের ডিসি মোহাম্মদ মোবাশ্বের হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ।

স্পিকার বলেন, সজীব ওয়াজেদ জয় রংপুরের কৃতি সন্তান। তিনি ডিজিটাল বাংলাদেশের রূপকার। তিনি আগামী দিনের স্মার্ট বাংলাদেশের পরিকল্পনা এগিয়ে নিচ্ছেন। সুতরাং তার নামে এই ডিজিটাল সেন্টার স্থাপনের মাধ্যমে তরুণ-তরুণীরা তথ্য প্রযুক্তির সেবা গ্রহণ করে নিজেদের দক্ষতার উন্নয়ন করে দেশ বিনির্মানে আত্মনিয়োগ করবে।

তিনি বলেন, শেখ কামাল আইটি ইনকিউবেশন ট্রেনিং সেন্টার স্থাপনের পাশাপাশি আরও অধিকতর নতুন সেবা প্রদানের জন্য জয় সেট সেন্টার স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য নতুন দক্ষ উদ্যোক্তা তৈরি করবে ।

স্পিকার শিরিন শারমিন বলেন, উপজেলা পরিষদ কমপ্লেক্সের পঞ্চম তলায় পাঁচ হাজার বর্গফুট বিশিষ্ট একটি ফ্লোরে জয় সেট সেন্টার স্থাপন করা হবে। পীরগঞ্জবাসী এই সেন্টার থেকে তথ্য প্রযুক্তি সেবাসহ বিভিন্ন ধরনের সরকারি ই-সার্ভিস পাবে।

প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট উপহার নারী উদ্যোক্তাদের একটি ল্যাপটপ বিতরণের মাধ্যমে তাদের দক্ষতার উৎকর্ষ সাধন করা হবে। রংপুর জেলাকে একটি স্মার্ট ইকোনমিক হাব হিসেবে রূপান্তর করা হবে।

অনুষ্ঠানের শুরুতে স্পিকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এসময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য আরমা দত্ত উপস্থিত ছিলেন।

পরে স্পিকার পীরগঞ্জ উপজেলা প্রশাসন এবং ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

স্পিকার বলেন, জীবনের বেশিরভাগ সময় অন্ধকার প্রকোষ্ঠে থেকে শত বছরের পরাধীনতার শৃঙ্খল ছিন্ন করে লাল সবুজের পতাকা এনে দিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলার দুখী মানুষের মুখে হাসি ফুটিয়ে সোনার বাংলা বিনির্মাণই ছিল জাতির পিতার আজন্ম লালিত স্বপ্ন।

স্পিকার এসময় ‘হার পাওয়ার প্রকল্প: প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন’ প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের মধ্যে মোট এক হাজার ১৯০টি ল্যাপটপ বিতরণ করেন।

অনুষ্ঠানে রংপুর-১ আসনের সংসদ সদস্য মো. আসাদুজ্জামান, পীরগঞ্জ উপজেলা পরিষদের মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ এস এম তাজিমুল ইসলাম শামীম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক মো: মোস্তফা কামালসহ অন্যরা উপস্থিত ছিলেন।