দেশের চার বিভাগের ওপর দিয়ে ঝড়ো হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টি হয়েছে, এর মধ্যে সবচেয়ে ভারি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের নিকলীতে।
রোববার সকাল ছয়টা পর্যন্ত দেশে ঝড়, বৃষ্টির পরিমাণ বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এদিন সকাল পর্যন্ত বৃষ্টি হয়েছে দেশের চার বিভাগে। এই চার বিভাগ হলো- ঢাকা, রংপুর, ময়মনসিংহ ও সিলেট। আর বাকি চার বিভাগে বৃষ্টি হয়নি।
আর চার বিভাগের মধ্যে সবচেয়ে ভারী বৃষ্টিপাত হয়েছে কিশোরগঞ্জের নিকলীতে। সেখানে বৃষ্টিপাতের পরিমাণ ৬৩ মিলিমিটার। আর ঢাকায় হয়েছে মাঝারি ভারি বৃষ্টিপাত, পরিমাণ ২৮ মিলিমিটার।
আবহাওয়া অধিদপ্তরের হিসাবে, ১০ মিলিমিটার পর্যন্ত হালকা, ১০ থেকে ২২ মিলিমিটার মাঝারি, ২৩ থেকে ৪৩ মাঝারি ধরনের ভারি, ৪৪ থেকে ৮৮ মিলিমিটার ভারি এবং এর বেশি বৃষ্টি হলে তাকে অতি ভারি বলা হয়।
রাজশাহী, খুলনা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগে এদিন কোনো বৃষ্টি হয়নি বলে জানানো হয়েছে।
তবে মঙ্গলবার পর্যন্ত দেশের বিভিন্নস্থানে অস্থায়ী ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।