এখন থেকে বিদেশিদের যে কোনো ভিসায় ওমরাহ পালনের অনুমতি দিচ্ছে সৌদি আরব। বৃহস্পতিবার দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। তারা বলছে, যে কোনো দেশ থেকে, যে কোনো ভিসায় সৌদি আরবে আগতরা এখন থেকে বিনা বাধায় ওমরাহ পালন করতে পারবেন।
গালফ নিউজ জানিয়েছে, দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় সামাজিক মাধ্যম এক্সে করা এক পোস্টে বলেছে, যে কোন স্থান থেকে এবং যে কোনো ভিসায় স্বাচ্ছন্দ্যে ওমরাহ পালন করা যাবে। এমনকি ব্যক্তিগত, পারিবারিক, ট্রানজিট, শ্রম এবং ই-ভিসাসহ সব ভিসাধারীরা এখন থেকে ওমরাহ পালন করতে পারবেন।
এছাড়া, মসজিদুল হারাম ও মসজিদে নববীতে হজ এবং ওমরাহ পালনকারীদের ইবাদত সহজ করতে 'ডিজিটাল ব্যাগ’ চালু করেছে সৌদি সরকার। দেশটিতে ওমরাহ পালনের জন্য নুসুক অ্যাপ ব্যবহার করে অনুমতি নিতে অনুরোধ জানিয়েছে হজ ও ওমরাহ মন্ত্রণালয়।
নুসুক প্ল্যাটফর্মটি মুসলিমদের জন্য আবাসন ব্যবস্থাসহ আনুষাঙ্গিক আরও বেশকিছু বিষয়ে অনুমতি ও সেবা দিয়ে থাকে। ইসলামের পবিত্রতম স্থান মক্কার গ্র্যান্ড মসজিদে আচার অনুষ্ঠানের জন্য নির্ধারিত সময় মেনে চলতে আগ্রহীদের প্রতি অনুরোধ জানিয়েছে দেশটির সংশ্লিষ্ট কর্তপক্ষ।
এদিকে, চলতি বছর পবিত্র হজ পালনে ইচ্ছুক সৌদির স্থানীয় বাসিন্দা ও সেখানে বসবাসকারী বিদেশি নাগরিকদের হজের অনুমতি দেয়া শুরু করেছে কর্তৃপক্ষ। নতুন নিয়মে এ বছর কোনো দেশের জন্য পবিত্র স্থানগুলোতে নির্দিষ্ট করে আর জায়গা বরাদ্দ রাখা হচ্ছে না।
সাম্প্রতিক মাসগুলোতে দেশটি বিদেশি মুসলমানদের ওমরাহ পালনে সৌদিতে আসার জন্য অনেক সুবিধা চালু করেছে। যার মধ্যে অন্যতম হলো, ওমরাহ ভিসার মেয়াদ ৩০ দিন থেকে বাড়িয়ে ৯০ দিন করা, স্থল-জল ও আকাশপথে সৌদিতে প্রবেশের অনুমতি।
এদিকে পবিত্র হজের অনুমোদন দেওয়া শুরু করেছে সৌদি আরব। গত ২৪ এপ্রিল থেকে দেশটির স্থানীয় বাসিন্দা ও সেখানে বসবাসকারী মুসলিম বিদেশি নাগরিকদের হজের অনুমোদন দেওয়া শুরু হয়। এর আগে গত ফেব্রুয়ারিতে অনলাইনে নিবন্ধন শুরু হয়। এতে আবাসন সুবিধা বিবেচনায় ৪ হাজার ৯৯ সৌদি রিয়াল থেকে শুরু করে ১৩ হাজার ২৬৫ রিয়াল পর্যন্ত চারটি প্যাকেজ ঘোষণা করা হয়।
আসন্ন হজের প্রস্তুতি হিসেবে ওমরাহ পালনের সময়সীমা ঘোষণা দিয়েছে সৌদি আরব। আগামী ২৯ জিলকদ (৬ জুন) এর মধ্যে ওমরাহ যাত্রীদের সৌদি আরব ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। তা ছাড়া সৌদি আরবে প্রবেশের পর থেকে ৯০ দিন পর্যন্ত ওমরাহ ভিসার মেয়াদ নির্ধারণ করা হয়।