উপজেলা ভোটে ভয়ভীতির ঊর্ধ্বে থেকে প্রশাসন প্রভাব মুক্তভাবে কাজ করবে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান। বলেছেন, যেখানে অনিয়ম, সেখানেই সাথে সাথে ব্যবস্থা।
মঙ্গলবার কুমিল্লায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভাশেষে এসব কথা বলেন আনিছুর রহমান।
নির্বাচনে মন্ত্রী, এমপিদের প্রভাবের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যে কোনো অভিযোগ পাওয়া গেলেই সাথে সাথে ব্যবস্থা নেয়া হবে। অনিয়ম হলে ভোট বাতিল করার ক্ষমতা আছে নির্বাচন কমিশনের।
সম্প্রতি শেষ হওয়া জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে উপজেলা নির্বাচনে আরো বেশি ভোটার উপস্থিতি নির্বাচন কমিশন আশা করছে বলেও জানান এই কর্মকর্তা। আর এ লক্ষ্য অর্জনে রিটার্নিং কর্মকর্তাসহ প্রশাসনের সব কর্মকর্তাদের কঠোর হতে নির্দেশনা দেন তিনি।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নূরে আলম মিনা। এ সময় প্রশাসন ও নির্বাচনী অফিসের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মত বিনিময় সভায় কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, নির্বাচন কর্মকর্তাসহ মাঠ প্রশাসনের কর্মকর্তারাও বক্তব্য দেন।
এবার চার ধাপে হচ্ছে উপজেলা নির্বাচন। এরি মধ্যে তিন ধাপে ৪২২টি উপজেলার ভোটের তফসিল ঘোষণা করা হয়েছে। প্রথম ধাপে ১৫২ উপজেলায় ভোট হবে আট মে। আর দ্বিতীয় ধাপে ১৬০ উপজেলায় ২১ মে এবং তৃতীয় ধাপে ১১২ উপজেলায় ২৯ মে।
তবে যৌথ বাহিনীর চলমান অভিযানের কারণে বান্দরবানের রুমা, থানচি ও রোয়াংছড়িতে এখনই ভোট হচ্ছে না বলে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।