দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে বৃহস্পতিবার।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল পাঁচটায় এ অধিবেশন শুরু হবে।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গত ১৫ এপ্রিল এ অধিবেশন আহ্বান করেন।
সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে বসতে যাওয়া এ অধিবেশন ছয় কার্যদিবসের বলে চলতে পারে সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে।
অধিবেশন শুরুর আগে সংসদ ভবনে সংসদের কার্য-উপদেষ্টা কমিটির বৈঠক হবে। বৈঠকে সংসদ অধিবেশনের মেয়াদ নির্ধারণ ছাড়াও আলোচ্যসূচি ও কার্যবিবরণী নিয়ে আলোচনা হবে।
বৃহস্পতিবার অধিবেশনের প্রথম বৈঠক শোকপ্রস্তাব গ্রহণের মধ্য দিয়ে মুলতবি হবে। রেওয়াজ অনুযায়ী সংসদের কোনো সদস্য মারা গেলে শোক প্রস্তাব গ্রহণের মধ্য দিয়ে অধিবেশন মুলতবি করা হয়।
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে দ্বাদশ জাতীয় সংসদের আওয়ামী লীগের সংসদ সদস্য আব্দুল হাই গত ১৬ মার্চ মারা গেছেন। তার মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব গ্রহণ ও আলোচনা শেষে মুলতুবি হবে।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, গ্রাম আদালত বিল-২০২৪ সংশোধিত স্থানীয় সরকার বিলসহ এ অধিবেশনে চারটি খসড়া আইন উপস্থাপন করা হতে পারে।
জুনের প্রথম সপ্তাহে বসবে বাজেট অধিবেশন। চলবে মাসব্যাপী। গত ৩০ জানুয়ারি সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। শেষ হয় ৫ মার্চ।