৮০ শতাংশ গ্রাহক বিদ্যুৎ ফিরে পেয়েছে

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডের বিচ্ছিন্ন হওয়া ৮০ শতাংশ গ্রাহকের বিদ্যুৎ পুনঃসংযোগ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। 
 
রিমালের তাণ্ডবে ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় ৩ কোটি ৩ লক্ষ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। 

মঙ্গলবার সন্ধ্যা ৭টার ভেতর ২ কোটি ৪২ লক্ষ গ্রাহকের বিদ্যুৎ পুনঃসংযোগ প্রদান করা হয়। রাত ১০টার মধ্যে ৮৫% শতাংশ পুনঃসংযোগের কাজ শেষ হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। বুধবার সকালের মধ্যে ৯০% গ্রাহকের বিদ্যুৎ পুনঃসংযোগ সম্পন্ন হবে বলে আশা করা যায়।

বাকী গ্রাহকদের সার্ভিস ড্রপ ও মিটার বাড়ি বাড়ি গিয়ে কাজ করতে হবে বলে তাদের বিষয়ে পরে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। 

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মীর মোহাম্মদ আসলাম উদ্দিনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 

ঘূর্ণিঝড়ের তাণ্ডব কত প্রলয়ংকারী হতে পারে, আবারো তার সাক্ষী হলো বাংলাদেশ। রোববার সন্ধ্যায় আঘাত হানার পর সময় যত গড়াচ্ছে ততই স্পষ্ট হচ্ছে প্রবল রিমালের ধ্বংসলীলা।

electricity2

দমকা বাতাস আর ভারী বৃষ্টি কমতে শুরু করার পর থেকেই দেশের উপকূলীয় এলাকায় ঘুর্ণিঝড়ের তাণ্ডবলীলার ক্ষত চিহ্নগুলো ফুটে উঠতে শুরু করেছে। 

আঘাত হানার পর কিছুটা দুর্বল হয়ে স্থল নিম্নচাপে রূপ নিলেও, প্রায় ৩৬ ঘণ্টা বাংলাদেশের ভূখণ্ডে অবস্থান করে ব্যাপক ক্ষয়ক্ষতি চালায় রিমাল। সরকারের পক্ষ থেকে প্রাথমিক হিসাবে বলা হয়েছে, দেড় লাখের বেশি বাড়িঘর সম্পূর্ণ ও আংশিকভাবে বিধ্বস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে সাড়ে ৩৭ লাখ মানুষ। আর কেড়ে নিয়েছে দশটি প্রাণ।

প্রবল জোয়ারের তোড়ে বহু জায়গায় বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ উপকূলের বহু এলাকা। জলোচ্ছ্বাসের ১০ থেকে ১২ ফুট পানির নিচে তলিয়ে যায় বিশ্ব ঐতিহ্য সুন্দরবন। জীববৈচিত্র্যের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা সেখানে। ভেসে গেছে উপকূলের বহু মাছের ঘের, প্লাবিত হওয়া উপকূলের নিম্নাঞ্চলে ঢুকে পড়েছে লবণাক্ত পানি। 

electricity1

১৫ বছর আগে বাংলাদেশের ভূমিতে ঘূর্ণিঝড় আইলা যে প্রলয় চালিয়েছিলো, রিমালের দীর্ঘসময় ধরে চালানো তাণ্ডবেও একই রকমের ক্ষয়ক্ষতি হয়েছে বলে সরকারের সংশ্লিষ্টরা কর্মকর্তারা মনে করছেন।

আর এসবের মধ্যে সবচেয়ে ক্ষতির শিকার বিদ্যুৎ বিভাগ। পোল উপড়ে, তার ছিড়ে, ট্রান্সফরমার ভেঙে নানাভাবে ক্ষয়ক্ষতির হয়েছে বিদ্যুৎ সংযোগের ক্ষেত্রে।