দেশের চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
বুধবার এক সতর্কবার্তায় আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ কারণে এ চারটি সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের চার বিভাগে ভারি থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারী বৃষ্টির কারণে ভূমিধসের শঙ্কা রয়েছে বলেও জানানো হয়েছে।
সিলেট ও সুনামগঞ্জ এলাকার বৃষ্টি ও বন্যা সম্পর্কে আবহাওয়াবিদরা জানান, চারটি বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। আগামী ১০ দিন বৃষ্টিপাত কমার সম্ভাবনা নেই। তাই বন্যার পানি বাড়তে পারে।