জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও দুর্নীতির অভিযোগের বিষয়ে দুদকের জিজ্ঞাসাবাদের জন্য সাবেক আইজিপি বেনজীর আহমেদ এবার যদি হাজির না হন, তাহলে আর সময় পাবেন না বলে জানিয়েছেন সংস্থাটির আইনজীবী খুরশীদ আলম খান।
বৃহস্পতিবার সাংবাদিকদের এ কথা বলেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশীদ। তিনি বলেন, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অনুসন্ধান জোরেশোরে চলছে। তার বিরুদ্ধে আরও অপরাধলব্ধ সম্পদের প্রমাণ মিলেছে।
‘এর আগে তিনি উপস্থিত হওয়ার জন্য একবার সময় নিয়েছেন। তবে দুদক আইন ও বিধিতে দ্বিতীয়বার সময় বাড়ানোর এখতিয়ার নেই,’ মন্তব্য করেন খুরশীদ আলম খান।
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিপুল সম্পত্তি নিয়ে সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। এরপরই তদন্ত নামে দুদক।
এরপর বেনজীর, তার স্ত্রী ও কন্যাদের নামে কয়েকশো বিঘা সম্পত্তি, প্রায় তিন ডজন ব্যাংক হিসাব ও কয়েকটি ফ্ল্যাটের সন্ধান পায় দুদক। সেগুলো জব্দ ও অবরুদ্ধ করার জন্য আদালতেরও অনুমতি পেয়েছে দুর্নীতি দমন সংস্থাটি।
এরি মধ্যে অনুসন্ধানের অংশ হিসেবে বেনজীর আহমেদকে ৬ জুন এবং তার স্ত্রী জীশান মীর্জা ও দুই মেয়েকে ৯ জুন জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়।
কিন্তু এর আগেই বেনজীর আহমেদ স্বপরিবারে বিদেশে চলে গেছেন বলে গণমাধ্যমে খবর বেরিয়েছে।
কিন্তু বেনজীরের পক্ষে তার আইনজীবী ১৫ দিনের সময় চাইলে ২৩ জুন অর্থাৎ আগামী রোববার তাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে বলা হয়েছে। আর তার স্ত্রী ও কন্যাদের দুদকে হাজির হতে বলা হয়েছে এর পরের দিন ২৪ জুন অর্থাৎ সোমবার।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত বেনজীর ও তার পরিবারের নামে থাকা স্থাবর অস্থাবর সম্পদ জব্দের নির্দেশ দেয়ার পর সেসব সম্পদ রক্ষণাবেক্ষণের জন্য নিয়োগ করা হয় তত্ত্বাবধায়ক।
বেনজীর আহমেদ ২০১০ সালের দায়িত্ব নেন ডিএমপির কমিশনারের। ২০১৫ সালে হন র্যাবের মহাপরিচালক। এরপর ২০২০ নিয়োগ পান আইজিপি হিসেবে। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর অবসরে যান সাবেক তিনি।