সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের বিদায়ী দরবার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার তিনি সামরিক কর্মকর্তা, জেসিও এবং অন্যান্য পদবির সেনাসদস্যদের উদ্দেশে বিদায়ী দরবার গ্রহণ করেন ও মতবিনিময় করেন।
এসময় সব সেনানিবাস থেকে সেনাসদস্যরা ভিডিও টেলি কনফারেন্সের (ভিটিসি) মাধ্যমে সংযুক্ত থেকে দরবারে অংশগ্রহণ করেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।
সেনাবাহিনী প্রধান তার বিদায়ী দরবারে বলেন, প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ সেনাবাহিনী আজ একটি আধুনিক এবং চৌকস বাহিনী হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।
এছাড়াও তিনি দায়িত্ব পালনকালে সর্বাত্মক সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
দরবারে ঢাকা সেনানিবাসে কর্মরত জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারাসহ অন্যান্য কর্মকর্তা, জেসিও এবং অন্যান্য পদবীর সেনাসদস্য উপস্থিত ছিলেন।