ভারত সফর নিয়ে সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে নয়াদিল্লিতে দুই দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফেরার সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

মঙ্গলবার সকাল ১১ টায় গণভবনে প্রধানমন্ত্রীর এ সংবাদ সম্মেলন হবে বলে তার প্রেস উইং থেকে জানানো হয়েছে। 

এর আগে দুইদিনের সফরে শুক্রবার ভারত যান প্রধানমন্ত্রী। শনিবার সন্ধ্যায় তিনি দেশে ফেরেন। 

নরেন্দ্র মোদীর টানা তৃতীয় দফার প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে গত আট জুন দিল্লি সফর করেন শেখ হাসিনা। সেই সফরের দুই সপ্তাহের মাথায় হয়  দ্বিপাক্ষিক এই সফর। 

যদিও টানা চতুর্থ দফায় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর শেখ হাসিনার দ্বিপাক্ষিক ভারত সফরের বিষয়টি দুই দেশের রাজনৈতিক পরিমণ্ডলে আগেই চূড়ান্ত হয়। 

শেখ হাসিনার এবারের সফরে দুই দেশের প্রতিনিধি পর্যায়ে পারস্পরিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয় এবং কয়েকটি এমওইউ ও চুক্তি সই হয়। 

ভারত সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে উষ্ণ সংবর্ধনা দেওয়া হয়। বাংলাদেশের প্রধানমন্ত্রী রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও পরিদর্শন বইয়ে সই করেন। 

হায়দ্রাবাদ হাউজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর একান্ত ও দ্বিপাক্ষিক বৈঠক হয়। দুই নেতা প্রেস ব্রিফিংয়েও অংশ নেন। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে শেখ হাসিনার সৌজন্য সাক্ষাৎ হয়।