সম্পদ জব্দের মধ্যেই এনবিআর কর্মকর্তাকে বগুড়ায় বদলি

দুর্নীতিতে অভিযুক্ত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রথম সচিব (কর) কাজী আবু মাহমুদ ফয়সালকে বদলি করা হয়েছে। তাকে পাঠানো হয়েছে কর অঞ্চল বগুড়ার পরিদর্শী রেঞ্জ-১ এর প্রথম সচিব হিসেবে।

আর বগুড়াতে এই দায়িত্বে থাকা মো. মনিরুজ্জামানকে আনা হয়েছে এনবিআরে, ফয়সালের জায়গায়। এই দুই কর্মকর্তাকে বদলি করে রোববার প্রজ্ঞাপন জারি করেছে এনবিআর।

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পেয়ে মাহমুদ ফয়সালের বিরুদ্ধে তদন্তে নেমেছে দুদক। প্রাথমিক অনুসন্ধানেই সরকারি এই চাকুরের ঢাকায় ফ্ল্যাট, দুটি প্লট, সঞ্চয়পত্রসহ ১৬ কোটি টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদের খোঁজ পায় দুদক।

এরপরই সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করার বৃহস্পতিবার আদালতে আবেদন করেন দুদকের সহকারী পরিচালক ও অনুসন্ধান টিমের এক সদস্য। সেই আবেদনে সাড়া দিয়ে ফয়সালের নামে বেনামের সব সম্পত্তি জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেন আদালত।

রাজস্ব কর্মকর্তা মাহমুদ ফয়সালের ঢাকার একটি ফ্ল্যাট ও ১০ কাঠার দুটি প্লট জব্দ করতে করার পাশাপাশি তার স্ত্রীসহ স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের দুই কোটি ৫৫ লাখ টাকার সমপরিমাণ সঞ্চয়পত্রও অবরুদ্ধ করতে আদেশ দেওয়া হয়।

ছাগলকাণ্ডে ফেঁসে যাওয়া আলোচিত এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমান, তার প্রথম স্ত্রী ও এক সন্তানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের তদন্তে শুরু এবং দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির পরই ফয়সালের সম্পদ জব্দের আদেশ আসে।