প্রতীকী কফিন সামনে রেখে কোটা সংস্কার আন্দোলনে ‘ছাত্র হত্যা’র প্রতিবাদে সাংস্কৃতিক সমাবেশ করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।
শুক্রবার সকালে প্রেস ক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে তারা বলেন, কোটা আন্দোলনে কোনো সিদ্ধান্ত না দিয়ে সময়ক্ষেপন করার পর ছাত্রদের হত্যা করার মধ্য দিয়ে এটিকে সাধারণ মানুষের আন্দোলনে রূপ দিয়েছে সরকার।
সমাবেশে বক্তারা বলেন, স্বাধীন বাংলাদেশে অধিকার আদায়ের জন্যে এতো এতো মানুষ প্রাণ দেয়ার নজির বিশ্বে নেই বললেই চলে। একটি আন্দোলনকে ধামাচাপা দিতে চেয়ে অন্যান্য বিষয়গুলোকে সামনে নিয়ে আসা হয়েছে। ছাত্র হত্যার সাথে জড়িত যারা তাদের সকলকে খুঁজে বের করে আইনের আওতায় আনার আহ্বান জানান বক্তারা।
বক্তারা আরও বলেন, এই আন্দোলনে লক্ষ লক্ষ ছাত্রদের রাজাকার বলে যে কটুক্তি করা হয়েছে তার প্রতিবাদ করা হয়। হেলিকপ্টার দিয়ে যেখানে প্রধানমন্ত্রী বলেছেন পানি দেয়া হয়েছে সেখানে র্যাব বলছে টিয়ারশেল ছোঁড়া হয়েছে। এসব মিথ্যা তথ্য ছড়ানো এবং ছাত্র হত্যার জন্যে সরকারের আর ক্ষমতায় থাকার অধিকার নেই বলে সমাবেশে বলেন বক্তারা।
গানে গানে শিল্পীরা বিচারের আহ্বান জানান এই সাংস্কৃতিক সমাবেশ থেকে। কবিতা ও আবৃত্তি পরিবেশনের মধ্য দিয়ে প্রতিবাদ করেন খেলাঘরের শিল্পীরা।