বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে বিরত থাকুন: মির্জা ফখরুল

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে বিরত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, সংখ্যালঘুদের ওপর নির্যাতন নিয়ে বিএনপিকে জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে। 

শনিবার বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। 

মির্জা ফখরুল বলেন, আমরা অত্যন্ত উদ্বিগ্ন যে, দেশে ও বিদেশে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বিভ্রান্তির সংবাদ প্রচার করা হচ্ছে। সংখ্যালঘুদের ওপর নির্যাতন নিয়ে বিএনপিকে জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে। এ ঘটনার সাথে বিএনপি জড়িত নয়।

তিনি বলেন, নতুন স্বাধীনতা নস্যাৎ করার চক্রান্ত শুরু হয়েছে। এর নিন্দা জানাচ্ছি। এ সময় বিভ্রান্তিকর সংবাদ প্রচার থেকে বিরত থাকতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। 

তিনি বলেন, ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার জন্য জাতিসংঘের কাছে নিরপেক্ষ তদন্ত চেয়ে প্রধান উপদেষ্টার কাছে চিঠি দেয়া হবে। এছাড়া ইউএই তে যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের মুক্তির জন্যও চিঠি দেয়া হবে।

বিএনপির মহাসচিব বলেন, সাম্প্রতিক আন্দোলনে যারা শহীদ তাদের প্রতি শ্রদ্ধা জানাই। নতুন অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়ে কাজ শুরু করেছেন। বিপ্লবের পর স্বাভাবিক হতে সময় লাগবে। অতি দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছেন।

তিনি সরকারের প্রধানসহ সকল উপদেষ্টাকে ধন্যবাদ জানান। বলেন, যা করছেন তাতে জাতির আশার সৃষ্টি হয়েছে।