হাসিনাসহ ২৭ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তদন্ত শুরু

কোটা সংস্কার আন্দোলনের সময় মিরপুরে শিক্ষার্থী আলভীকে হত্যার ঘটনায় তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাতীয় পার্টি-জেপির সভাপতি আনোয়ার হোসেন মঞ্জুসহ ২৭ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 

একইসঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধেও মানবতাবিরোধী অপরাধের তদন্ত শুরু করেছে। 

মঙ্গলবার এসব তথ্য জানিয়ে তদন্ত কর্মকর্তা আতাউর রহমান বলেছেন, ট্রাইব্যুনাল পুনর্গঠন হওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চাওয়া হবে। 

সোমবার অভিযোগ দায়ের করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শাহরিয়ার হোসেন আলভির পিতা মোহাম্মদ আবদুল হাসান। ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান কার্যালয়ে তদন্ত সংস্থার প্রধান কো-অর্ডিনেটর বরাবর অ্যাডভোকেট গাজী এম এইচ তামিম এই অভিযোগ দায়ের করেন। এতে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ এবং পুলিশের ৫০০ সদস্যকেও অভিযুক্ত করা হয়েছে।

আবেদনে‌ বলা হয়, আসামিদের পরিকল্পনা ও নির্দেশে অন্যান্য আসামিরা ছাত্র-জনতার আন্দোলনে দেশজুড়ে গুলিবর্ষণের মাধ্যমে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংগঠিত করেছে।

hasina-inu-menon

নাম উল্লেখ করা আসামিরা হলেন- সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা; রাশেদ খান মেনন, সাবেক মন্ত্রী, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং সভাপতি, বাংলাদেশ ওয়ার্কাস পার্টি; হাসানুল হক ইনু, সাবেক মন্ত্রী, তথ্য মন্ত্রণালয় এবং সভাপতি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ);  আনোয়ার হোসেন মঞ্জু, সাবেক মন্ত্রী, বন ও পরিবেশ মন্ত্রণালয় এবং চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয় পার্টি (জেপি); ওবায়দুল কাদের, সাবেক মন্ত্রী, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ; আসাদুজ্জামান খান কামাল, সাবেক মন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 

আনিসুল হক, সাবেক মন্ত্রী, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়; সালমান এফ রহমান, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা; মোহাম্মদ হাসান মাহমুদ, সাবেক মন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয়; জাহাঙ্গীর কবির নানক, সাবেক মন্ত্রী, বস্ত্র ও পাট মন্ত্রণালয়; জুনায়েদ আহমেদ পলক, সাবেক প্রতিমন্ত্রী, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়; মোহাম্মদ আলী আরাফাত, সাবেক প্রতিমন্ত্রী, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়; কামাল আহমেদ মজুমদার, সাবেক প্রতিমন্ত্রী, শিল্প মন্ত্রণালয়। 

salman-anisur-in-court2

সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি, চেয়ারম্যান, বাংলাদেশ তরীকত ফেডারেশন; চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক আইজিপি, বাংলাদেশ পুলিশ; মো. হারুন অর রশিদ সাবেক মহাপরিচালক, র‍্যাব;  হাবিবুর রহমান, সাবেক কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ; হারুন অর রশিদ, সাবেক অতিরিক্ত কমিশনার ও ডিবি প্রধান, ঢাকা মেট্রোপলিটন পুলিশ; বিপ্লব কুমার সরকার, সাবেক যুগ্ম কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ। 

মুন্সী সাব্বির, সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা, মিরপুর মডেল থানা; মাইনুল ইসলাম নিখিল, সভাপতি, বাংলাদেশ যুবলীগ; বজলুর রহমান, সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, ঢাকা মহানগর উত্তর; এস এম মান্নান কচি, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, ঢাকা মহানগর উত্তর; আতিকুর রহমান, মেয়র, ঢাকা সিটি কর্পোরেশন, উত্তর; মো. হানিফ, সভাপতি, মিরপুর থানা আওয়ামী লীগ;  ইসমাইল মোল্লা, ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা; বাপ্পি, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা।

এছাড়া সংগঠন হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও এর অঙ্গ সংগঠনসমূহ এবং অজ্ঞাতনামা অস্ত্রধারী আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী এবং পুলিশের কর্মকর্তা ও সদস্যসহ আনুমানিক ৫০০ জন।

এর আগে গত ১৪ আগস্ট কোটা আন্দোলনকে ঘিরে গত ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সংঘটিত হত্যা, গণহত্যা, নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জুনাইদ আহমেদ পলকসহ ১০ জনের বিরুদ্ধে তদন্তের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা দেওয়া হয়।