আওয়ামী লীগের প্রভাবশালী নেতা সাবেক সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম (শেখ সেলিম) ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
মঙ্গলবার সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে চিঠি দিয়ে তথ্য পাঠাতে বলা হয়েছে।
এনবিআরের আয়কর বিভাগের কর অঞ্চল-১৫ এর কমিশনার আহসান হাবিবের স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি সব ব্যাংকে পাঠানো হয়।
এছাড়া তার পরিবারের সদস্যদের নামে থাকা ক্রেডিট কার্ডের তথ্যও চাওয়া হয়েছে।
চিঠিতে শেখ সেলিমের নিজের নামে অথবা বাবা-মা, ছেলে-মেয়ে বা ভাই-বোনের যৌথ নামে অথবা ব্যবসা প্রতিষ্ঠানের নামে পরিচালিত সব ধরনের ব্যাংক হিসাব ও ক্রেডিট কার্ডের তথ্য চাওয়া হয়েছে।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ সেলিম গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ছিলেন।
এর আগে একই কর অঞ্চল থেকে গত বৃহস্পতিবার আলোচিত এস আলম গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সাইফুল আলম এবং তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব করা হয়।