চট্টগ্রামে ভারী বৃষ্টিতে ভূমিধসের শঙ্কা

ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার এক সতর্ক বার্তায় এই শঙ্কা প্রকাশ করে সতর্ক করেছে আবহাওয়া অফিস।

ভারী বর্ষণের সতর্কবার্তায় বলা হয়েছে, পরবর্তী ৪৮ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টিজনিত কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের শঙ্কা রয়েছে।

সন্ধ্যা ৬টায় দেওয়া আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

এরইমধ্যে দেশের উত্তর-মধ্যাঞ্চলের মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী এই আট জেলা বন্যাকবলিত হয়ে পড়েছে।

পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান গণমাধ্যমকে বলেন, গত ২৪ ঘণ্টায় ভারতের ত্রিপুরায় এবং সীমান্তবর্তী বাংলাদেশের জেলাগুলোয় ভারী বৃষ্টি হয়েছে। এর ফলে এসব এলাকার নদীর পানি বেড়েছে এবং বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে।

তিনি জানান, অতি ভারী বৃষ্টিপাতও বন্যার মূল কারণ। এর সঙ্গে আবার লঘুচাপ, মৌসুমি বায়ু এবং সাগরের জোয়ারও রয়েছে।