রাজনৈতিক দলগুলোর প্রস্তাবের ভিত্তিতে শিগগিরই প্রধান উপদেষ্টা জাতির সামনে অন্তর্বর্তী সরকারের রূপরেখা তুলে ধরবেন।
শনিবার রাতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সংলাপের পর গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, প্রধান উপদেষ্টার সঙ্গে জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন ও গণফোরামসহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সংলাপে অংশ নেন। তারা সরকারের কাছে নির্বাচন ও সংস্কারের বিষয়ে সুনির্দিষ্ট রূপরেখা চেয়েছেন এবং সরকারকে নিজেদের পক্ষ থেকে বেশকিছু সুপারিশ ও পরামর্শ দিয়েছেন।
মাহফুজ জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার আজকের মতবিনিময় সভায় অন্তর্বর্তী সরকারের রূপরেখা নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি প্রাতিষ্ঠানিক, সংবিধান, বিদ্যমান রাজনৈতিক সঙ্কট নিয়ে আলোচনা হয়েছে। আজকের বৈঠকে রাজনৈতিক দলগুলোর মতামত জানতে চাওয়া হয়েছে। এর ভিত্তিতে প্রধান উপদেষ্টা শিগগির রূপরেখা প্রকাশ করবেন।
কোনো দলই এই সরকারের মেয়াদ নিয়ে প্রশ্ন তোলেনি উল্লেখ করে তিনি জানান, দলগুলো রাষ্ট্র সংস্কারের স্বার্থে ধৈর্য ধরতে রাজি আছে।
শনিবার বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন রাজনৈতিক দলের টানা পাঁচ ঘণ্টা সংলাপ অনুষ্ঠিত হয়।