পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার। তার দুই বছরের চুক্তি শেষ হওয়ার কথা ছিল চলতি বছরের ডিসেম্বরে।
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্রে এই খবর জানা গেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাকে বিদায় দেওয়া হয়েছে উল্লেখ করে সূত্রটি জানায়, তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের প্রজ্ঞাপন এখনও জারি হয়নি। তবে রাতের মধ্যেই অথবা সোমবার এ নিয়ে প্রজ্ঞাপন জারি হবে।
মাসুদ বিন মোমেন ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পররাষ্ট্র সচিব হিসেবে যোগদান করেন। ২০২২ সালের নভেম্বরে তার চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ দুই বছর বাড়ানো হয়।
এদিকে অন্তর্বর্তী সরকার গঠনের পর সব ধরনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের নীতিগত সিদ্ধান্ত হয়।
পররাষ্ট্র ক্যাডারের এই কর্মকর্তা কর্মজীবনে কূটনীতিক হিসেবে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিদেশে বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। ২০১৫ সাল থেকে তিনি জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি ছিলেন।
এর আগে, তিনি জাপান, ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং খাদ্য ও কৃষি সংস্থা, বিশ্ব খাদ্য কর্মসূচি এবং আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।