সম্প্রতি আনসারদের আন্দোলনে ইন্ধনদাতা দুই আনসার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগরের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
গ্রেফতার আনসার সদস্যরা হলেন- মো. সোহাগ মিয়া ও মো. মিজানুর রহমান তুহিন। তারা আন্দোলনে সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঢাকা জেলা পুলিশ আনসার সদস্য মো. সোহাগ মিয়াকে মঙ্গলবার সাভার থেকে গ্রেপ্তার করেছে। তার গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার পারমাস্তল গ্রামে।
অপর আনসার সদস্য মো. মিজানুর রহমান তুহিনকে কক্সবাজার জেলা পুলিশ মঙ্গলবার রামু থানাধীন কাউয়ারখোপ ইউনিয়নের দুর্গম টিলাপাড়া এলাকার পাহাড়ি জঙ্গল থেকে গ্রেপ্তার করেছে। তিনি কক্সবাজার জেলার কক্সবাজার সদরের চৌফলদন্ডী গ্রামের বাসিন্দা।