সরকারি অর্থে প্রতিষ্ঠিত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও স্থাপনার নামকরণে আইনি কাঠামো প্রণয়নে কমিটি গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই কমিটি গঠনের প্রজ্ঞাপন জারি করা হয়।
এই কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্বে থাকবেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
সরকারি অর্থে প্রতিষ্ঠিত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও স্থাপনার নামকরণের আইনি কাঠামো প্রণয়ন করে সরকারের বিবেচনার জন্য উপস্থাপন করবে এই কমিটি। মন্ত্রিপরিষদ বিভাগ এ কমিটিকে সাচিবিক সহায়তা করবে।
কমিটি প্রয়োজনে আরো সদস্য নিতে পারবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।
এর আগে গত ২২ আগস্ট অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনার নামকরণের বিষয়ে একটি নীতিমালা করা হবে বলে সিদ্ধান্ত হয়েছিলো।