সরকারের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত আছি: প্রণয়

বাংলাদেশের সম্পর্ক এগিয়ে নিতে অর্ন্তবর্তী সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ চালিয়ে যাওয়ার কথা বলেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা।

মঙ্গলবার দুপুরে পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে ভারতীয় দূত সাংবাদিকদের বলেন, যে কথা আমি আগেও বলেছি, দুদেশের জনগণের অভিন্ন আকাঙ্ক্ষা, শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্য আমরা বাংলাদেশ সরকারের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত আছি।

তিনি বলেন, বহুমুখী খাতের এই সম্পর্ককে এগিয়ে নিতে, আমরা আমাদের সম্পৃক্ততা অব্যাহত রাখবো। আপনারা জানেন, আমাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ সম্পর্ক। আগামী দিনগুলোকে সেটাকে এগিয়ে নেওয়ার প্রতীক্ষায় আছি।

নতুন পররাষ্ট্র সচিবের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পাশাপাশি বিস্তৃত পরিসরে আলোচনা হওয়ার কথা বলেন প্রণয় ভার্মা।

ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহতের ঘটনা নিয়ে এক প্রশ্নে তিনি বলেন, এ নিয়ে ইতোমধ্যে পররাষ্ট্র উপদেষ্টা কথা বলেছেন।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারত-বাংলাদেশ সম্পর্কে অস্বস্তি শুরু হয়েছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন।

এদিকে মঙ্গলবার বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দুই দেশের সম্পর্ক আগের মতোই চলমান থাকবে। এদিন ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, ভারতের সাথে কোনো কাজ থেমে নেই। ভারত ও বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক অন্তত জোরালো। বাংলাদেশ বিনিয়োগের বড় ক্ষেত্র। সামনের দিনে বিজ্ঞান প্রযুক্তিসহ আরো বড় প্রকল্পে কাজ করতে তারা (ভারত) আগ্রহ দেখিয়েছে।

এ সময় ভারতীয় লাইন অব ক্রেডিটের (এলওসি) আওতায় বিভিন্ন চুক্তির মাধ্যমে বাংলাদেশকে ৭৩৬ কোটি ২০ লাখ মার্কিন ডলার ঋণ দেয়ার প্রতিশ্রুতির কথাও উল্লেখ করেন তিনি।