সাধারণ মানুষের ওপর মারণাস্ত্রের ব্যবহার বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
তিনি বলেছেন, বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ও নিহতের পরিবারকে পুনর্বাসন করাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ। এ লক্ষ্যে পূর্ণাঙ্গ তালিকা করা হচ্ছে।
রোববার বিকালে রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে আহতদের সঙ্গে দেখা করে সাংবাদিকদের এসব কথা বলে উপদেষ্টা।
ফাওজুল কবির খান বলেন, সাধারণ মানুষের ওপর মারণাস্ত্র ব্যবহার বন্ধ করতে। এই হাসপাতালে আমি যুদ্ধের পর একবার এসেছিলাম। তখন অবস্থাটা দেখেছি। তখন অন্তত তো বলা যেতো পাকিস্তানের হানাদার বাহিনী আমাদের লোকদের আক্রমণ করেছে। এখন যারা করেছে, তারা তো আমাদের দেশেরই মানুষ।
'শুধু পুলিশ বা বিভিন্ন বাহিনী যে আহত করেছে তা নয়। এখানে এক ছাত্রকে দেখলাম কুপিয়েছে। এটা বন্ধ হতে হবে। এটা চলতে দেওয়া যায় না। আমরা স্বাধীন দেশে জনগণের ওপর মারণাস্ত্র ব্যবহার বন্ধ করতে চাই। এটার যেনো পুনরাবৃত্তি না ঘটে,' যোগ করেন তিনি।
উপদেষ্টা বলেন, আহত ও নিহতের পরিবারকে পুনর্বাসন করাই আমাদের কাজ, বর্তমান সরকারের সবচেয়ে বড় অগ্রাধিকার। এখানে দেখলাম সব শ্রেণিপেশার মানুষ আছে। বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসার ছাত্র আছে। শ্রমিক আছে। একটা স্কুলের ছাত্রও দেখলাম, ছয় বছর বয়সের।
'আহতদের বেশিরভাগ গুলিবিদ্ধ হয়েছেন। আমরা যখন ছাত্র ছিলাম তখন দেখতাম আন্দোলনে গেলে পুলিশ লাঠিপেটা করতো। এখন লাঠিপেটা করে না, গুলি করে। যেনো মারা যায় বা পঙ্গু হয়ে যায়। একটা স্বাধীন দেশে এটা আশা করা যায় না,' বলেন তিনি।
ফাওজুল কবির খান আরও বলেন, আমি প্রত্যেককে জিজ্ঞাসা করেছি তারা সুচিকিৎসা পাচ্ছে কিনা? সবাই বলেছেন, বিনামূল্যে এবং প্রকৃত চিকিৎসা পাচ্ছেন। আমি পরিচালক মহোদয়কে বলেছি, যাদের অর্থ সহায়তা দরকার, তাদের একটা তালিকা দেওয়ার জন্য। সেটা আমরা হয়তো ব্যক্তি পর্যায়ে অনুরোধ করে কিংবা সরকারের অন্যান্য উপদেষ্টার সঙ্গে আলোচনা করে করবো।
আহতদের সরকারি ও প্রধান উপদেষ্টার গঠিত ফাউন্ডেশন থেকে সহায়তা করা হবে বলেও জানান উপদেষ্টা।