ইন্দোনেশিয়ায় পুনরায় ‘ভিসা অন আ্যারাইভাল’ সুবিধা চায় বাংলাদেশ

বাংলাদেশি নাগরিকদের জন্য ইন্দোনেশিয়ায় ‘ভিসা অন আ্যারাইভাল’ সুবিধা পুনরায় চালু করার আহবান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।  

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হেরু হারতান্তু সুবলোর সঙ্গে এক বৈঠকে এ আহবান জানান উপদেষ্টা।

বৈঠকে তারা বন্ধুপ্রতিম দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়াতে ঢাকা ও জাকার্তার মধ্যে সরাসরি বিমান যোগাযোগের প্রয়োজনীয়তার ওপরও জোর দেন।

বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্কের কথা উল্লেখ করে উভয়ে বাণিজ্য ও বিনিয়োগ, নবায়নযোগ্য জ্বালানি, কানেক্টিভিটি এবং জনগণের মধ্যে যোগাযোগসহ দ্বিপাক্ষিক সহযোগিতার সার্বিক বিষয়ে আলোচনা করেন।

ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের প্রশংসা করেন।

পররাষ্ট্র উপদেষ্টা ইন্দোনেশিয়ার বিদ্যুৎ, জ্বালানি ও জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে বাংলাদেশের সাথে সম্ভাব্য সম্পৃক্ততার জন্য ধন্যবাদ জানান। পাশাপাশি দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে বিশেষ করে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) এর মতো স্থগিত থাকা চুক্তিগুলো শেষ করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

এছাড়াও পারস্পরিক সুবিধার ক্ষেত্রে গভীর সহযোগিতার পথ প্রশস্ত করে দুই দেশের মধ্যে একটি শক্তিশালী অংশীদারিত্ব পুনর্নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

একসময় ইন্দোনেশিয়ায় বাংলাদেশিদের জন্য ভিসা ছাড়াই ভ্রমণের পদ্ধতি চালু ছিলো। ত‌বে বর্তমানে এ সুবিধা বন্ধ র‌য়ে‌ছে।