সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি হলেন মুহাম্মদ আবদুল্লাহ

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগ পেয়েছেন মুহাম্মদ আবদুল্লাহ। তাকে দুই বছরের জন্য এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব এটিএম শরিফুল আলমের সই করা এক প্রজ্ঞাপনে একথা জানানো হয়েছে। 

এতে বলা হয়, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৪ এর ধারা ১০(২) অনুযায়ী জনাব মুহাম্মদ আবদুল্লাহকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী ০২ (দুই) বছর মেয়াদে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এর ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ প্রদান করা হলো।

এই নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও এতে জানানো হয়েছে।

মুহাম্মদ আবদুল্লাহ সাংবাদিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের (একাংশ) সভাপতির দায়িত্বে রয়েছেন। তিনি দৈনিক আমার দেশসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন।