জাতিসংঘের সাধারণ অধিবেশনে এবার নিরাপত্তা, সংবাদমাধ্যমসহ ৫৭ জনের প্রতিনিধি দল নিয়ে যাচ্ছে বাংলাদেশ।
শনিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘের ৭৯তম অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ প্রসঙ্গে আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এ কথা জানান।
পররাষ্ট্র উপদেষ্টা জানান, রাজনৈতিক সরকারের আমলে সাধারণ অধিবেশনে বড় প্রতিনিধি দল যেতো। কিন্তু কেন বড় দল যেতো সেটি আমি বলতে পারবো না। আমি জানি না। কিন্তু বর্তমান সরকার সিদ্ধান্ত নিয়েছে যে, ব্যয় সংকোচন করতে হবে, অপ্রয়োজনীয় খরচ করা যাবে না।
উপদেষ্টা জানান, এবার সবমিলিয়ে ৫৭ জন যাচ্ছেন নিউইয়র্কে। তার মধ্যে বড় অংশ নিরাপত্তা এবং প্রেস। আমি এতটুকু বলতে পারি একেবারে নিতান্ত প্রয়োজন যাদের শুধু তারাই যাবেন।
এর আগে ৭৩তম অধিবেশন ৩৪৪, ৭৪তম অধিবেশন ৩৩৫ জনের প্রতিনিধি দল জাতিসংঘের সাধারণ অধিবেশনে গিয়েছিল। আর ৭৫তম অধিবেশন কোভিডের কারণে ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। এরপর কোভিডের সীমাবদ্ধতার মধ্যেও ৭৬তম অধিবেশনে ১০৮ জন এবং ৭৭তম অধিবেশনে ১৩৮ জন এবং ৭৮তম অধিবেশনে গিয়েছিলেন ১৪৬ জন বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা।
আগামী ২৪ সেপ্টেম্বর থেকে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে উচ্চপর্যায়ের বিতর্ক পর্ব শুরু হতে যাচ্ছে। এ অধিবেশনে যোগদানের জন্য প্রধান উপদেষ্টা আগামী ২৩ সেপ্টেম্বর একটি বাণিজ্যিক ফ্লাইটে নিউইয়র্কে পৌঁছাবেন।