এডিটরস গিল্ডের সভাপতি সাংবাদিক মোজাম্মেল হক বাবু, দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত এবং লেখক-সাংবাদিক শাহরিয়ার কবিরকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার রিমান্ড শেষে আদালতে হাজির করা হলে শুনানি শেষে আদালত তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গত মঙ্গলবার শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছানাউল্যাহর আদালত এই তিন সাংবাদিককে সাত দিনের রিমান্ডে পাঠান।
ছাত্র-জনতার আন্দোলনের সময় রাজধানীর ভাসানটেকে মোহাম্মদ ফজলু (৩১) নিহতের ঘটনায় মামলায় জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শ্যামল দত্তকে রিমান্ডে নেওয়া হয়।
আর মোজাম্মেল বাবু ও শাহরিয়ার কবিরকে নেওয়া হয় গত ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় রমনা এলাকায় গুলিতে নিহত গৃহকর্মী লিজার মৃত্যুর মামলায়।
এর আগে গত ১৬ সেপ্টেম্বর মোজাম্মেল বাবু ও সম্পাদক শ্যামল দত্তকে ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত থেকে আটক করা হয়।
একইদিন রাতে রাজধানীর মহাখালীর বাসা থেকে গ্রেপ্তার করা হয় একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির সাবেক সভাপতি শাহরিয়ার কবিরকে।