অমিত শাহের বক্তব্যের কড়া প্রতিবাদ জানালো বাংলাদেশ

বাংলাদেশিদের ঝুলিয়ে রাখার হুমকি দিয়ে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। 

সোমব‌ার ঢাকায় ভারতের ডেপুটি হাইকমিশনারের কাছে হস্তান্তর করা নোটে এ প্রতিবাদ জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

এ বিষয়ে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি ভারতের ঝাড়খণ্ড সফরে গি‌য়ে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলাদেশি নাগরিকদের নি‌য়ে অত্যন্ত অশোভন মন্তব‌্য ক‌রে‌ছেন। তার এমন বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলা‌দেশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব‌্য নিয়ে বাংলাদেশ অস‌ন্তোষ প্রকাশ ক‌রে‌ছে। একই স‌ঙ্গে ভারত সরকারকে রাজনৈতিক নেতাদের এ ধরনের আপত্তিকর ও অগ্রহণ‌যোগ‌্য কাজ করা থেকে বিরত থাকার পরামর্শের আহ্বান জানানো হ‌য়ে‌ছে।

'প্রতিবেশী দেশের নাগরিকদের বিরুদ্ধে দায়িত্বশীল অবস্থান থেকে আসা এই ধরনের মন্তব্য দুটি বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার মনোভাবকে ক্ষুণ্ন করে,' উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। 

গত শুক্রবার ঝাড়খণ্ডে এক সমাবেশে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো ঝুলিয়ে সোজা করা হবে বলে হুমকি দেন অমিত শাহ। 

তিনি বলেন, ‘আমি আপনাদের ঝাড়খণ্ডে বিজেপি সরকার গঠনের জন্য আবেদন জানাতে চাই। এবং আমরা সকল বাংলাদেশি অনুপ্রবেশকারীকে উল্টো করে ঝুলিয়ে সোজা করবো।