জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বৈঠকে তারা বাংলাদেশ ও ভারতের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সম্পর্ক এগিয়ে নিতে একমত হয়েছেন।
স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এই বৈঠক হয়।
মঙ্গলবার সকালে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্সে (সাবেক টুইটার) বৈঠকের ছবি পোস্ট করা হয়েছে।
একই প্লাটফর্মে ছবি পোস্ট করে বৈঠকের কথা জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রীও। তিনি এক্সে লিখেছেন, মূলত দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর দৃষ্টি নিবদ্ধ করে আলোচনা হয়েছে।
এদিকে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দ্বিপক্ষীয় বৈঠক হবে আজ। নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এ বৈঠক হবে।
কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, নিউইয়র্কের স্থানীয় সময় অনুযায়ী, বেলা সাড়ে ১১টায় (বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টা) জাতিসংঘ সদর দপ্তরে দুই নেতার এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।