লেফটেন্যান্ট তানজিমকে জাতি চিরদিন স্মরণ করবে: ড. ইউনূস  

কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামে ডাকাতি প্রতিরোধ অভিযানে নিহত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

এক শোকবার্তায় প্রধান উপদেষ্টা লেফটেন্যান্ট তানজিমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

ড. ইউনূস শোকবার্তায় বলেন, সমবেদনা জ্ঞাপন করছি বাংলাদেশ সেনাবাহিনীর আমার সকল সহকর্মীর প্রতি।

প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের শান্তি, শৃঙ্খলা ও সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্র প্রহরী বাংলাদেশ সেনাবাহিনীর এই তরুণ ও মেধাবী কর্মকর্তা মানুষের জান-মাল রক্ষার্থে নিজের জীবনকে উৎসর্গ করেছেন। দেশপ্রেমের আদর্শের নজির হিসেবে তার এ আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

তিনি বলেন, নির্জনের মৃত্যুর ঘটনাটি এমন এক সময়ে সংঘটিত হয়েছে যখন বাংলাদেশ সেনাবাহিনী ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় জনমানুষের নিরাপত্তা বিধানে দেশব্যাপী দিনরাত কাজ করে যাচ্ছে। দুর্বৃত্তদের হামলায় তার এ অকাল মৃত্যু শুধু সেনাবাহিনীর জন্য নয় বরং দেশের জন্যও এক অপূরণীয় ক্ষতি।

প্রধান উপদেষ্টা বলেন, প্রিয় মাতৃভূমির প্রয়োজনে লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনের এই মহান আত্মত্যাগ একটি সুখী ও সমৃদ্ধ ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে আমাদের সংকল্পবদ্ধ হয়ে আত্মনিয়োগের ক্ষেত্রে প্রেরণার উৎস হয়ে থাকবে।