দেশের সব বিভাগেই ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কোথাও কোথাও হতে পারে ভারি বর্ষণও। এরপরেও সারা দেশে বাড়তে পারে তাপমাত্রা।
বৃহস্পতিবার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অফিস বলছে, আরো এক সপ্তাহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবুও আগামী তিন দিন বাড়তে পারে গরম।
আবহাওয়া অফিস বলছে, বৃহস্পতিবার রাতে সারা দেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও শুক্রবার দিনের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। শনিবার দিন ও রাত এবং রোববার দিনের তাপমাত্রাও সামান্য বাড়তে পারে।
নীলফামারীর সৈয়দপুরে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ১৫৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এদিন চট্টগ্রাম ও চট্টগ্রামের সীতাকুণ্ড এবং কক্সবাজারের কুতুবদিয়ায় দেশের সর্বোচ্চ ৩৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এদিন দেশের সর্বনিম্ন ২৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিলো পঞ্চগড়ের তেঁতুলিয়ায়।
আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এ অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা রংপুর ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায়; রাজশাহী, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
এর পরের ৪৮ ঘণ্টাও দেশের সব বিভাগে ঝড়বৃষ্টি ও ভারি বর্ষণের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।