সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ‘মায়ের ডাক’ নামক সংগঠনের প্রধান সানজিদা ইসলাম তুলির বড় ভাই সাইফুল ইসলাম শ্যামলকে ‘বাসা থেকে তুলে নিয়ে যাওয়া’ প্রসঙ্গে কথা বলেছে সেনাবাহিনী।
সোমবার রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, চাঁদাবাজির অভিযোগ থাকায় শ্যামলকে সেনাবাহিনী ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাকে ফের বাসায় পৌঁছে দেওয়া হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, রাজধানীর শাহীনবাগ এলাকা থেকে সোমবার দুপুর আনুমানিক ২টা ৪৫ মিনিটে জনাব সাইফুল ইসলাম শ্যামল নামক এক ব্যক্তির বিরুদ্ধে একাধিক চাঁদাবাজির অভিযোগ থাকায় জিজ্ঞাসাবাদের জন্য নিকটস্থ সেনাবাহিনী ক্যাম্পে নিয়ে যাওয়া হয় এবং জিজ্ঞাসাবাদের পর তাকে ৪টা ৪০ মিনিটে নিজ বাসায় দিয়ে আসা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পূর্ববর্তী তথ্য অনুযায়ী, সাইফুল ইসলাম শ্যামলের বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখার দায়ে রমনা থানায় একটি মামলা হয়েছিল এবং যার প্রেক্ষিতে তিনি কারাভোগ করেছিলেন। এছাড়াও আরেকটি মামলায় ২০১৬ সালে তিনি গ্রেপ্তার হয়েছিলেন বলে জানা যায়। সাইফুল ইসলাম শ্যামলের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ থাকার কারণেই তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিকটস্থ সেনাবাহিনী ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।
আইএসপিআর বিজ্ঞপ্তিতে আরও জানায়, জনাব সাইফুল ইসলাম শ্যামল ‘মায়ের ডাক’ নামক সংগঠনের প্রধান সানজিদা ইসলাম তুলির বড় ভাই হওয়ায় বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের সংবাদ প্রচারিত হয়েছে। এক্ষেত্রে তার পারিবারিক পরিচয়কে প্রাধান্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের অপপ্রচার অনাকাঙ্খিত। এছাড়াও তার সাথে সেনাবাহিনীর অসৌজন্যমূলক আচরণের দাবিও ভিত্তিহীন। এপ্রেক্ষিতে সকলকে দায়িত্বশীলতার সাথে প্রকৃত তথ্য প্রচারের মাধ্যমে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সেনাবাহিনীকে সহযোগিতার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।