জুলাই-আগস্টে ছাত্র ও জনতার গণ-অভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারে আর্থিক সহায়তা দিতে যাচ্ছে ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’। শনিবার থেকে ‘শহীদ পরিবারের পাশে বাংলাদেশ’ শিরোনামে সহায়তা দেওয়া হবে। প্রতিটি শহীদ পরিবারকে দেওয়া হবে পাঁচ লাখ টাকা করে। আহতরা পাবেন এক লাখ টাকা করে।
শুক্রবার দুপুরে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যালয়ের সামনে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।
সারজিস আলম বলেন, সকাল থেকে বিকাল পর্যন্ত চারটি ধাপে সপ্তাহে ২০০ জনকে সহায়তা পৌঁছে দেওয়া হবে। আপাতত ঢাকা থেকে এ কার্যক্রম শুরু হবে। পর্যায়ক্রমে আট বিভাগেই শহীদদের পরিবারকে সহযোগিতার কাজ করা হবে।
তিনি জানান, প্রাথমিকভাবে প্রতি শহীদ পরিবার পাঁচ লাখ ও আহতরা এক লাখ করে টাকা পাবেন। শহীদ পরিবারের মধ্যে সমস্যা না থাকলে যৌথ লগ্নি করে টাকা দেওয়া হবে। পরিবারের মধ্যে কোনো সমস্যা থাকলে যারা লিগ্যাল উইং রয়েছে তাদের মাধ্যমে ডিল করা হবে। সহায়তার ক্ষেত্রে বড় ফান্ডগুলো চেকের মাধ্যমে ও ছোটগুলো মোবাইল ব্যাংকিয়ের মাধ্যমে দেওয়া হবে।
তিনি জানান, আনঅফিসিয়ালি আহতদের তালিকায় রয়েছে ২৪ হাজার এবং নিহত এক হাজার ৬০০’র বেশি। যা বারবার যাচাই করা হচ্ছে। আহতদের পুনর্বাসনের কাজও ফাউন্ডেশনের পক্ষ থেকে করা হবে।