অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের আকার বাড়ছে। নতুন করে আরও পাঁচ জন যুক্ত হতে যাচ্ছেন উপদেষ্টা পরিষদে।
কেবিনেট সেক্রেটারি ড শেখ আব্দুর রশীদ একাত্তরতে জানান, রোববার সন্ধ্যায় নতুন উপদেষ্টাদের মধ্যে তিন জন শপথ নেবেন। বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন নতুন উপদেষ্টাদের শপথ পাঠ করাবেন। তবে কোন তিন জন সন্ধ্যায় শপথ নেবেন তাৎক্ষণিক তা জানা যায়নি।
নতুন উপদেষ্টারা তারা হলেন-
- চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী
- সাবেক আইজিপি খোদা বকশ চৌধুরী
- অধ্যাপক ডা. সায়েদুর রহমান
- ব্যবসায়ী শেখ বশির উদ্দিন ও
- প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।
সরকারি একটি সূত্রের দাবি, সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা হচ্ছেন চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। বাণিজ্য উপদেষ্টা হচ্ছেন ব্যবসায়ী সেখ বশির উদ্দিন, স্বাস্থ্য উপদেষ্টা অধ্যাপক মো. সায়েদুর রহমান।
নতুন উপদেষ্টাদের জন্য গাড়ি প্রস্তুত করা হয়েছে। সন্ধ্যা সাতটায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন উপদেষ্টাদের শপথ পড়াবেন।
চিকিৎসক মো. সায়েদুর রহমান গত ২৭ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য হিসেবে নিয়োগ পান। এবার সেখান থেকে তাকে উপদেষ্টা পরিষদে নেওয়া হচ্ছে। চিকিৎসক মো. সায়েদুর রহমান বিএসএমএমইউর ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক।
শেখ বশির উদ্দিন দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আকিজ–বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তিনি সেখ আকিজ উদ্দিনের সন্তান।
মোস্তফা সরয়ার ফারুকী খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা। কয়েক দশক ধরে তিনি চলচ্চিত্র, নাটক নির্মাণ করে পরিচিত মুখ হয়ে উঠেছেন।
এ ছাড়া পুলিশের সাবেক মহাপরিদর্শক খোদা বক্স চৌধুরী প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে অন্তর্বর্তী সরকারে যোগ দিচ্ছেন বলে একটি সূত্র জানিয়েছে।
আট আগস্ট নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। এরই মধ্যে তিন মাস পার করেছে ইউনূসের নেতৃত্বাধীন ২১ সদস্যের উপদেষ্টা পরিষদ। এবার বাড়তে যাচ্ছে উপদেষ্টা পরিষদের কলেবর।