বাংলাদেশ কারো ষড়যন্ত্রের সামনে পরাস্ত হবে না: মাহফুজ

হঠকারিতা, নেতিবাচকতা ও ভাঙ্গনের মানসিকতা থেকে বের হয়ে সৃজনশীল ও ইতিবাচক মানসিকতায় রাষ্ট্র গড়ার আহবান জানিয়ে অন্তবর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, এই রাষ্ট্র পরিগঠন করলেই কেবল জুলাই শহিদানসহ শহিদ আলিফের শাহাদাত অর্থবহ হয়ে উঠবে।

বুধবার, সামাজিক মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক পোস্টে তিনি এসব কথা বলেন।  

চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের সঙ্গে সংঘর্ষের সময় আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যার ঘটনার প্রেক্ষাপটে উপদেষ্টা এ পোস্ট দিলেন।

পোস্টে মাহফুজ আলম, ছাত্র জনতাকে অভিবাদন জানিয়ে বলেন, দায়িত্ব ও দরদের নজির দেখিয়ে আপনারা বাংলাদেশকে গর্বিত করেছেন। বাংলাদেশ আর কারো ষড়যন্ত্রের সামনে পরাস্ত হবে না। ইনশাআল্লাহ।

তিনি আরো বলেন, আমাদের ব্যক্তি ও সমষ্টির ‘শক্তি’ সাধনায় দরদি ও দায়িত্ববান হয়ে রাজনৈতিক জনগোষ্ঠী হয়ে ওঠা মোক্ষ। আমাদের এ অভ্যন্তরীণ শক্তি যেকোন বহিঃশত্রুকে পর্যুদস্ত করবে। আমরা আর Colonizabe (উপনিবেশযোগ্য) হবো না।

দেশের প্রাজ্ঞ আলেম ও মুসলিম নেতাদের বিশেষ ধন্যবাদ প্রাপ্য উল্লেখ করে মাহফুজ লেখেন, আপনারা এ গণঅভ্যুত্থানের পক্ষে বাঙালি মুসলমানকে দায়িত্বশীল আচরণে অনুপ্রাণিত করেছেন। ধর্ম, বর্ণ ও লিঙ্গ নির্বিশেষে সব নাগরিকের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে আপনাদের আজ ও আগামীর প্রাজ্ঞ উদ্যোগ বাংলাদেশ রাষ্ট্রে আপনাদের ইজ্জত ও শরিকানা নিশ্চিত করবে।

এর আগে, মঙ্গলবার নিজের ফেসবুকে এক পোস্টে মাহফুজ লিখেছিলেন, সরকার দ্রুতই সব রাষ্ট্রদ্রোহী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে। গণ-অভ্যুত্থান ও বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার্থে তিনি সকলকে শান্ত থাকার এবং নিরীহ সংখ্যালঘু জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার আহবান জানিয়েছিলেন।