মামলায় নাম থাকলেই পাইকারিভাবে গ্রেপ্তার নয়: আইজিপি

পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম বলেছেন, গত ৫ আগস্টের পর অনেক মিথ্যা মামলাসহ বিভিন্ন মামলা নিয়ে বাণিজ্য হচ্ছে। তিনি বলেন, মামলায় নাম থাকলেই পাইকারিভাবে গ্রেপ্তার করা হবে না।

বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে নব নিযুক্ত আইজিপি এসব কথা বলেন।

আইজিপি বলেন, নিরীহ মানুষ হয়রানির শিকার হচ্ছে, বাণিজ্য হচ্ছে, প্রতারণা হচ্ছে, ৫ আগস্ট ঘিরে এসব হচ্ছে। পাইকারিহারে গ্রেপ্তার করা যাবে না। গায়েবি মামলার অপসংস্কৃতির সংস্কার চান ৯৫ শতাংশ মানুষ। চাঁদাবাজদের তথ্য সংগ্রহ চলছে,সবাইকে আইনের আওতায় আনা হবে।

বাহারুল আলম বলেন, নিরীহ মানুষকে হয়রানি করা পুলিশের কাজ নয়। যদি মামলার আসামি করা হয়, তাকে ধাওয়া করে গ্রেপ্তার করা যাবো না। জনগণের সঙ্গে পুলিশকে বিনয়ী আচরণ করতে হবে।

‘পুলিশ সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করা হলে জনবান্ধব পুলিশ বাহিনী হয়ে উঠবে বিশ্বাস আমার’, যোগ করেন তিনি। অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে পুলিশ বাহিনী কাজ করছে বলেও উল্লেখ করেছেন আইজিপি বাহারুল আলম।