যেমন থাকবে তিন দিনের আবহাওয়া

দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তার আশপাশের এলাকায় বিরাজ করছে লঘুচাপ। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপমহাদেশীয় উচ্চবলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

বুধবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমতে পারে।

এছাড়া বৃহস্পতিবার সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে হালকা কুয়াশা পড়তে পারে।

বর্ধিত পাঁচদিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উল্লেখযোগ্য কোন পরিবর্তনের সম্ভাবনা নেই।