চাঁদপুরের মেঘনায় জাহাজে সাত শ্রমিক হত্যার ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি পূরণের আশ্বাসে সারাদেশে চলা পণ্যবাহী নৌযান শ্রমিকদের ধর্মঘট স্থগিত করা হয়েছে।
শনিবার (২৮ ডিসেম্বর) নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালকের অনুরোধে কর্মবিরতি স্থগিত করা হয় বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ নৌযান ফেডারেশনের যুগ্ম সম্পাদক নবী আলম।
বাংলাদেশ নৌযান ফেডারেশনের যুগ্ম সম্পাদক নবী আলম বলেন, মেঘনা নদীতে জাহাজের সাতজন শ্রমিককে হত্যার ঘটনায় চার দফা দাবি জানিয়েছিলাম। এখন বিষয়টি নিয়ে আলোচনার আশ্বাস দিয়ে ডিজি শিপিং আমাদের কর্মবিরতি প্রত্যাহারের অনুরোধ করেছেন। দেশের স্বার্থে আমরা কর্মবিরতি স্থগিত করেছি।
এর আগে গত ২৩ ডিসেম্বর চাঁদপুরের হাইমচরে আল বাখেরা জাহাজ থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী।
এসময় গুরুতর আহত অবস্থায় আরও তিনজনকে হাসপাতালে নেয়া হলে সেখানে দুজনের মৃত্যু হয়। জাহাজে সাত খুনের ঘটনায় জাহাজের মালিক মাহবুব মোর্শেদ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।
এরপর নৌ শ্রমিকদের খুনের সঙ্গে জড়িতদের সুষ্ঠু বিচার নিশ্চিত, আহতদের ক্ষতিপূরণ দেওয়া ও নিহতদের পরিবারকে সহায়তা এবং নৌপথের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুরু হয় শ্রমিকদের ধর্মঘট।