আগামী দুই থেকে তিন দিন রাতে শীত বেশি অনুভূত হবে। ১৩ জানুয়ারির পর থেকে কয়েকদিন দিন ও রাতের তাপমাত্রা বেশি থাকবে। এরপর আবারো তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, বুধবার যশোরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১২.৮০ সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
এদিন সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।
শুক্রবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
এছাড়া শনিবার দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।
বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সামান্য পরিবর্তন হতে পারে।