প্রধান উপদেষ্টার দেয়া সময় অনুযায়ী আমরা এগোচ্ছি: সিইসি নাসির

রাজনীতির মধ্যে আমরা ঢুকতে চাই না। আমরা আইন ও সংবিধানের মধ্যে থাকতে চাই। সব দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে চাই। প্রধান উপদেষ্টার দেয়া সময় অনুযায়ী আমরা এগোচ্ছি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

রোববার (১৯ জানুয়ারি) সকালে নির্বাচন কমিশন ভবনে ইউএনডিপি কর্তৃক ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের সরঞ্জাম প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এসময় নাসির উদ্দিন বলেন, এই কমিশনের ওপর জনগণের প্রত্যাশা অনেক। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে বদ্ধপরিকর নির্বাচন কমিশন (ইসি)। আমরা চাই আমাদের এই যাত্রায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী (ইউএনডিপি) আমাদের সঙ্গী হোক।

তিনি বলেন, আমরা ভোটার তালিকা কার্যক্রমের বিষয়ে ইউএনডিপির সহযোগিতা চেয়েছিলাম। খুব দ্রুত সময়ে তারা সহায়তা করলো। পুরো নির্বাচনী প্রক্রিয়ায় আমরা তাদের সহযোগিতা চাই।

নাসির বলেন, ভোটার তালিকা হালনাগাদে আমরা ৬ মাস সময় নিবো, ৬৫ হাজার লোক কাজ করবে যাতে আমরা সময়ের মধ্যে কাজটা সঠিকভাবে করতে পারি।

সোমবার সকালে সাভার থেকে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি শুরু হবে বলেও জানান সিইসি।