শিক্ষার্থীদের দাবি-দাওয়ার প্রতি অন্তর্বর্তী সরকার আন্তরিক উল্লেখ করে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, এ মুহূর্তে হয়তো অনেক কিছু করা সম্ভব না। জনভোগান্তি না করাই ভালো। আশা করি সবার জন্য ভালো কিছু হবে। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পূজা দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরসহ সাত দফা দাবিতে সোমবার সরকারি তিতুমীর কলেজের প্রধান ফটকের সামনে অবস্থান নেয়ার পর মহাখালীর রেলগেটে অবরোধ করছেন শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। এতে করে সড়কের পর রেল চলাচলে বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। এরিমধ্যে পাঁচ জেলার সঙ্গে রেল চলাচল বন্ধ হয়ে গেছে।
গেলো কয়েক দিন ধরেই তিতুমীর কলেজ শিক্ষার্থীদের আন্দোলনে জনভোগান্তির সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে কথা বলেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে সরস্বতী পূজা দেখতে গিয়ে তিনি বলেন, তিতুমীর কলেজের শিক্ষার্থীদের ধৈর্য ধারণ করতে হবে। তাদের শিক্ষাজীবন ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিও সরকার আন্তরিক এবং দায়িত্বশীল। এ মুহূর্তে হয়ত অনেক কিছু করা সম্ভব না। জনভোগান্তি না করাই ভালো। আশা করি সবার জন্য ভালো কিছু হবে।
এদিকে শিক্ষার্থীদের অনশন কর্মসূচি ইতোমধ্যে ষষ্ঠ দিনে পা দিয়েছে এবং এ সময়ে বেশ কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিক্ষার্থীদের এই আন্দোলন রাজধানীর মহাখালী এলাকায় যানজট সৃষ্টি করেছে, যা জনসাধারণের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলছে। তবে শিক্ষার্থীরা তাদের দাবিতে অনড় রয়েছেন এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।