যারা বাজারে অন্যায়ভাবে দাম বাড়াবে তাদেরকে ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বাড্ডায় রমজান উপলক্ষ্যে সুলভ মূল্যে মাংস, দুধ ও ডিম বিক্রি কার্যক্রমের উদ্বোধন করে একথা বলেন তিনি।
পুরো রমজান জুড়ে রাজধানীর ২৫টি স্থানে ব্রয়লার মুরগি ২৫০ টাকা কেজি, দুধ ৮০ টাকা লিটার ও ডিম প্রতি ডজন ১১৪ টাকা ও গরুর মাংস ৬৫০ টাকা কেজিতে বিক্রি করা হবে বলেও জানান উপদেষ্টা।
প্রয়োজনে এই কার্যক্রম আরো কয়েকটি এলাকায় বাড়ানো হতে পারে জানিয়ে নিরাপদ খাদ্যপণ্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান ফরিদা আখতার।
আর বাজারে নিত্য পণ্যের দাম এখনো স্বাভাবিক হয়নি উল্লেখ করে কোন ব্যবসায়ী অন্যায়ভাবে দাম বাড়ালে শিক্ষার্থীসহ সাধারণ মানুষজনকে প্রতিবাদ করারও পরামর্শ দেন প্রাণিসম্পদ উপদেষ্টা।