সংস্কার প্রচেষ্টাকে স্বাগত জানাই: জাতিসংঘ মহাসচিব

বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার রক্ষা ও সংস্কার প্রচেষ্টাকে আমরা স্বাগত জানাই বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। 

শনিবার ঢাকায় জাতিসংঘের নতুন ভবন পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

জাতিসংঘ মহাসচিব বলেন, বাংলাদেশের আতিথেয়তায় আমি মুগ্ধ। বাংলাদেশের এ সংকটময় পরিস্থিতিতে পাশে থাকবে জাতিসংঘ। বাংলাদেশ যে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে, সেজন্য বাংলাদেশের জনগণের উদারতার প্রশংসা করি।

তিনি আরও বলেন, বাংলাদেশে জাতিসংঘের নিজস্ব কোনো অ্যাজেন্ডা নেই। বাংলাদেশ ও এ দেশের জনগণকে সহযোগিতা করাই আমাদের অ্যাজেন্ডা। 

জাতিসংঘ মহাসচিব ঢাকায় জাতিসংঘের নতুন ভবনে ৫০ বছর পূর্তির আলোকচিত্র প্রদর্শনী দেখেন।

এসময় উপস্থিত ছিলেন উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুয়েন লুইস।