প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পাইতংতার্ন সিনাওয়াত্রার কাছে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে ভ্রমণকারী বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান জানিয়েছেন।
শুক্রবার (৪ এপ্রিল) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ প্রসঙ্গ উত্থাপন করেন।
এসময় প্রধান উপদেষ্টা বলেন, প্রয়োজন অনুযায়ী ভিসা প্রদানের ক্ষমতা ঢাকার থাই দূতাবাসের নেই। ফলে দীর্ঘ বিলম্ব এবং থাইল্যান্ড ভ্রমণের জন্য বাংলাদেশিদের ভিসা পেতে দীর্ঘ সময় ধরে অপেক্ষায় থাকতে হয়। বিশেষ করে থাইল্যান্ডে চিকিৎসা নিতে আসা বাংলাদেশিরা বেশি এই সমস্যার সম্মুখীন হন বলে জানান ড. ইউনূস। প্রতিউত্তরে বিষয়টি দেখবেন বলে জানিয়েছেন থাই প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা।
দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা দুই দেশের মধ্যে বাণিজ্য, নৌ-পরিবহন ও সামুদ্রিক সম্পর্ক এবং বিমান যোগাযোগ সম্প্রসারণেরও আহ্বান জানান।
অধ্যাপক ইউনূস বলেন, চট্টগ্রাম থেকে ফ্লাইট চালু হলে বাংলাদেশ ও থাইল্যান্ড ভ্রমণের সময় কমে যাবে। এ সময় তিনি এক দশকেরও বেশি আগে চট্টগ্রাম এবং থাই রিসোর্ট শহর চিয়াং মাইয়ের মধ্যে ফ্লাইট চালুর সময় এয়ার এশিয়ার প্রভাবের কথা স্মরণ করেন।
থাই প্রধানমন্ত্রী বিমসটেকের সভাপতিত্ব গ্রহণের জন্য অধ্যাপক ইউনূসকে অভিনন্দন জানিয়ে বলেন, আঞ্চলিক অবস্থানে নতুন গতিশীলতা আনবেন ড. ইউনূস।