আরেক মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা শেখ বশিরউদ্দীনকে বাড়তি নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি এখন থেকে বাণিজ্য মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাশাপাশি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়েরও দায়িত্ব পালন করবেন।

মঙ্গলবার (১৫ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

২০২৪ সালের ১০ নভেম্বর বর্তমান অন্তর্বর্তী সরকারের সঙ্গে উপদেষ্টা হিসেবে যুক্ত হন ব্যবসায়ী শেখ বশিরউদ্দীন। শুরুতেই তাকে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল। 

গত বছরের ২০ ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের ভূমি মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ মারা যান। এরপর থেকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হাতে ছিল। 

এখন বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব শেখ বশিরউদ্দীনকে দেওয়ায় প্রধান উপদেষ্টার হাতে পাঁচটি মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব থাকলো।

এখন প্রধান উপদেষ্টার অধীনে রয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়।