ঈদুল আজহা উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার (২২ মে) থেকে সারাদেশে ভ্রাম্যমাণ ট্রাকে ন্যায্য মূল্যে পণ্য বিক্রির কার্যক্রম শুরু করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। যা চলবে ৩ জুন পর্যন্ত।
বুধবার (২১ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি।
এতে বলা হয়, স্মার্ট ফ্যামিলি কার্ডধারী পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্যাদি বিক্রয় কার্যক্রম চলমান রয়েছে। ঈদুল আজহা উপলক্ষে ওই কার্যক্রমের পাশাপাশি সারাদেশে প্রতিদিন ৬৯০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্যাদি ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল বিক্রয় করা হবে। যেকোনো ভোক্তা ট্রাকসেল থেকে এসব পণ্য কিনতে পারবেন।
৬৯০টি ভ্রাম্যমাণ ট্রাকের মধ্যে রাজধানী ঢাকায় ৫০টি, চট্টগ্রামে ২০টি, ৬টি বিভাগীয় শহরে ১০টি করে এবং অবশিষ্ট ৫৬টি জেলা শহরে থাকবে ১০টি করে।
ভ্রাম্যমাণ ট্রাকে বিক্রয় কার্যক্রম ২২ মে শুরু হয়ে ৩ জুন পর্যন্ত (শুক্রবার ও ছুটির দিনসহ) চলমান থাকবে।
এসময়ে ভোক্তাপ্রতি ১৩৫ টাকা লিটার দরে সর্বোচ্চ দুই লিটার ভোজ্যতেল, ৮৫ টাকা কেজি দরে এক কেজি চিনি ও ৮০ টাকা কেজি দরে দুই কেজি মসুর ডাল বিক্রি করবে টিসিবি।