জুলাই-আগস্ট গণহত্যার বিচারের জন্য দ্বিতীয় ট্রাইব্যুনালে সদ্য নিয়োগ পাওয়া তিন বিচারককে সংবর্ধনার মাধ্যমে যাত্রা শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
মঙ্গলবার (১৭ জুন) বিচারকদের এই সংবর্ধনা দেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।
এসময় জুলাই আন্দোলনে অপরাধীদের ন্যায় বিচার নিশ্চিতে কোনো হুমকি পরোয়ানা করা হবে না বলে জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী।
তিনি জানান, তারা মহান আল্লাহর ওপর ভরসা করে তারা ন্যায় বিচার প্রতিষ্ঠায় দৃঢ় প্রতিজ্ঞা। বোমা কিংবা গুলির ভয়ে তারা ভীত নন। ন্যায় বিচার নিশ্চিতে সবার সহযোগিতা চান তিনি।
অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান তিন বিচারপতির কর্মময় জীবন তুলে ধরেন।
চিফ তাজুল ইসলাম বলেন, বিচারপতিদের সংবর্ধনার মধ্যে দিয়ে দ্বিতীয় ট্রাইব্যুনালের যাত্রা শুরু হলো। জুলাই আন্দোলনে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অনেক মামলার বিচার কাজ এগিয়ে নিতে এই দ্বিতীয় ট্রাইব্যুনাল। অনেক মামলা এই ট্রাইব্যুনালে স্থানান্তর করা হবে।
তিনি আরো বলেন, গত ১৫ বছর আওয়ামী ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় টিকে থাকতে দেশে যে গুমের কালচার তৈরি করেছিলো। সেটা যাতে আর না ফিরে আসে সেজন্য ন্যায় বিচার নিশ্চিত করতে হবে।