বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়াকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। তিনি সরকারি কাজে কক্সবাজার অবস্থান করছেন বলে গণমাধ্যমের খবরে বলা হয়েছে।
এ বিষয়ে বৃহস্পতিবার (২৬ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে যুগ্ম সচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়েছে, এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভূঁইয়াকে বেবিচক থেকে প্রত্যাহার করে সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। তবে নতুন চেয়ারম্যান হিসেবে কে দায়িত্ব নেবেন, সে বিষয়ে প্রজ্ঞাপনে কিছু বলা হয়নি।
২০২৩ সালের ৯ আগস্ট এয়ার ভাইস মার্শাল মঞ্জুর ভূঁইয়াকে বেবিচকের চেয়ারম্যান পদে নিয়োগ দেয় সরকার। তবে হঠাৎ এ প্রত্যাহারের কারণ স্পষ্ট করা হয়নি।