আবু সাঈদ হত্যা মামলায় পিছিয়ে গেলো অভিযোগ গঠনের শুনানি

জুলাই গণঅভ্যুত্থানে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার অভিযোগ গঠনের শুনানি হচ্ছে না আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ শুনানি হওয়ার কথা ছিলো।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকায় শুনানি পিছিয়ে দেয়া হয়েছে বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, আগামী জুলাইয়ের যে কোনো দিন মামলার অভিযোগ গঠন করা হবে। 
 
গেলো বৃহস্পতিবার এ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। প্রতিবেদনে হত্যার পেছনে ৩০ জনের সম্পৃক্ততা পেয়েছে তদন্ত সংস্থা। 

এর আগে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মামলার চার আসামিকে হাজির করা হয়। 

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন যখন সারাদেশে ছড়িয়ে পড়েছিলো, তখন ১৬ জুলাই দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে গুলিবিদ্ধ হন ও মারা যান আবু সাঈদ।